Header Ads Widget

পাগল সিরিজ || পাগল ও আয়না || প্রবীর মজুমদার

যখন আয়নার সামনে দাঁড়াই,

ঠিক তখনি কে যেন আয়নার পিছনে আসে!
চিনতে পারি না তাকে;
হতে পারে সে—
চোখ, কান, নাক, চুল কিংবা হাত, পা... কিংবা...
যা খুশি ভাবতে পারো তাকে,
কেবল সে আমি নয়, নিশ্চিত জেনো।

যখন ভয় লাগত না আয়নাকে,
নিজেকে চিনতাম না ভাল করে,
বাস্তব-অবাস্তব বিভেদ ছিল না কোন।
জানতাম ঠিক—
এ’পারেও আমি, ও’পারেও আমি,
মাঝখানে লৌকিকতা আয়নার।

এখন আমি ঠিক আমি আর নই,
আমি যেন ছিন্ন স্বপ্ন, অলিক ভালবাসা,
সুখের অসুখ নিয়ে গড়া
এক প্রতিবিম্ব ঐতিহাসিক!

তাহলে যাকে দেখি আয়নায়,
সে কি আমি না আমার ভয়?
নাকি আমার পরাজয়?
কে করে বিচার তার?
আয়নার সামনে তাই
অসহায় অসাড় চেতনা আমার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ