অকূল গাঙে নাও ভাসাইয়া,
ভাটির টানে যাও বাইয়া,
ঘর তোমার কই ও নাইয়া
ঘর তোমার কই--
দুকুল ডাকে উদাস সুরে,
যেতে হবে যে অনেক দূরে,
থামার সময় কই ও নাইয়া
থামার সময় কই--
আসমানে মেঘ গুরুগুরু,
অন্তরেতে দুরু দুরু,
কুলের আশা নাই ও নাইয়া
কুলের আশা নাই--
মাতাল তুফান ছেঁড়ে যে পাল,
ধরো কইষা নাওয়ারই হাল,
উতাল পানি অথই ও নাইয়া
উতাল পানি অথই--
নদীতে ঘর নদীতে বার,
নদীতেই সংসার,
নদী দুঃখ, নদী সুখ
প্রাণেরই আধার--
সামনে পানি পিছে পানি,
সাগরেরই হাত ছানি,
পিছু টান কি নাই ও নাইয়া
পিছু টান কি নাই--
যেন এক নদী এই জীবন
শুধুই হেথা ভাটির টান
উজানে চলা নাই ও নাইয়া
উজানে চলা নাই।

0 মন্তব্যসমূহ