কখনো কখনো হই অবাধ্য স্বাধীন,
ছিঁড়ে ফেলি মহারোষে সমস্ত বন্ধন।
কপট লৌকিকতার সাজানো সাকিন
নিমেশে বিলিন করে বেহিসেবী মন।
ছুটে চলি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে
সাতটা সমুদ্র তেরো নদী করি পার।
দিকচক্রবাল লাল, সূর্য অভ্যুদয়ে।
আগামীর ডাকে কাটে অবসাদ ভার।
তবু চোখ বুজলেই অশনি ইশারা,
বিষাক্ত আতঙ্ক ফণা তোলে শিরোপরে।
ত্রাস ও সংশয়ের সুকঠিন পাহারা
অজগরসম চেতনাকে গ্রাস করে।
পরিচিত পিঞ্জর বলে, মুক্তি কোথায়?
মুক্তির স্বাদ কি শুধু স্বপ্নিল ভাষায়?

0 মন্তব্যসমূহ